নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ
স্পোর্টস ডেস্ক : খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া পাকেতাকে নিয়ে এবার দুঃসংবাদই হয়তো শুনেছে ব্রাজিল। যদিও চোট কতটা গুরুতর সেটা জানায়নি সেলেসাওরা। শুধু জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর তার বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতিতে লিখেছে, মঙ্গলবার পরীক্ষায় পাকেতার বাম ঊরুর পেছনের মাংসপেশীতে চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকবে। লক্ষ্য যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে তাকে মাঠে ফেরানো। ব্রাজিল ফেডারেশন পাকেতার চোট নিয়ে বিস্তারিত না বললেও দেশটির সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছে, তিন সপ্তাহের মতো ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
সম্ভাবনা বলতে, ফাইনালে তাকে পাওয়া যেতে পারে। আগামী ১৯ জুলাই হতে যাওয়া ফাইনালে যদি ব্রাজিল ওঠে তবে। সেই ফেরাও নির্ভর করছে কত দ্রুততার সঙ্গে উন্নতি হয় পাকেতার। ২৮ বছর বয়সী মিডফিল্ডারের ফেরাটা অনিশ্চিত হলেও স্কোয়াড থেকে তাকে বাদ দিবে না ব্রাজিল। এমনটা জানিয়েছে ও গ্লোবো। তবে আগামী রবিবার শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে যে খেলতে পারবেন না তা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি।
পাকেতার আগে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন রাফিনিয়া। তারও আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে একের পর এক চোটের দুঃসংবাদে। চোটের কারণেই রদ্রিগো, এস্তেভাও ও এদের মিলিতাওয়ের মতো তারকাদের বিশ্বকাপে পায়নি ব্রাজিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174591