সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: দুদক সচিব

সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: দুদক সচিব

দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার অঙ্গীকারবদ্ধ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লড়াইয়ে শুধু সরকারের নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণও প্রয়োজন।

আজ বুধবার (১ জুলাই) সকালে বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক সচিব বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নৈতিকতা চর্চা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমিয়ে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ এবং তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174583