মেসি আরও গোল করুক, আমার চাই বিশ্বকাপ : এমবাপ্পে

মেসি আরও গোল করুক, আমার চাই বিশ্বকাপ : এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত পারফরম্যান্সে সুবাদে গড়ে চলেছেন একের পর এক রেকর্ডও। মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির ঠিক পরেই রয়েছেন তিনি। তবে ফরাসি অধিনায়কের কাছে ব্যক্তিগত অর্জনের চেয়েও আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনাল শেষে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরাটাই বেশি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময় বুধবার রাতে শেষ বত্রিশের ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে রাউন্ড সিক্সটিনের টিকিট নিশ্চিত করেছে লে ব্লুজরা। সুইডিশদের বিপক্ষেও এমবাপ্পে পা থেকে আসে জোড়া গোল। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা ১৮টি, যা মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল কম। এছাড়া চলতি আসরে ফরাসি ফরোয়ার্ডের মোট গোলসংখ্যা মেসির সমান ৬টি। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যক্তিগত রেকর্ড নিয়ে খুব একটা আগ্রহ দেখাননি এমবাপ্পে। তিনি বলেন, আমার লক্ষ্য আগেও যেমন বলেছি, যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। আগামী ১৯ জুলাইয়ের ফাইনালে পৌঁছানো এবং আবার এখানে ফিরে আসাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা জয়ের জন্য খেলছি এবং ধাপে ধাপে এগোচ্ছি। অবশ্যই যত বেশি গোল করবেন, তত ওপরে উঠবেন। এটা নতুন কিছু নয়। মেসিকে ছাড়িয়ে যাওয়া নিয়েও খুব বেশি ভাবছেন না ফরাসি অধিনায়ক। তার ভাষ্য, আমি নিশ্চিত যে, লিও আরও গোল করবে। তাই এসব নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমার পুরো মনোযোগ সম্ভাব্য প্রতিপক্ষ এবং কীভাবে ফাইনালের আরও কাছে পৌঁছানো যায়, সেদিকেই।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের টিকিটের জন্য ফ্রান্সকে খেলতে হবে স্বাগতিক কানাডা অথবা মরক্কোর বিপক্ষে। শেষ বত্রিশে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। রক্ষণাত্মক কৌশলে খেলে সাফল্য পাওয়া প্যারাগুয়েকে হালকাভাবে নিতে রাজি নন এমবাপ্পে। ফরাসি অধিনায়ক বলেন, প্যারাগুয়ের ম্যাচের আগে আমরা আরও কাজ করব। এখনও কিছু জায়গায় উন্নতি করার সুযোগ আছে। তবে সামগ্রিকভাবে আমরা ইতিবাচক অবস্থায় আছি। আর আমাদের গোল করার সামর্থ্য এমন যে, যেকোনো ম্যাচেই আমরা এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174574