নরসিংদীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আওলাদ হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১ জুলাই) দুপুরে শেখেরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার হওয়া আওলাদ হোসেন বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের ওই বাকপ্রতিবন্ধী তরুণীকে কৌশলে নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

পরে তরুণী তার মাকে বিষয়টি জানালে মঙ্গলবার ঘটনাটি প্রকাশ্যে আসে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে মাধবদী থানায় আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়।

বুধবার ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা নরসিংদী সদর হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ, ডাক্তারি পরীক্ষা এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পরে বুধবার দুপুরে শেখেরচর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174557