পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা!
আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি যুক্তরাষ্ট্রের। দেশটির আরঅ্যান্ডবি তারকা ক্রিস ব্রাউনের বাড়িতে পোষা কুকুরের হামলায় গুরুতর আহত হন তার এক গৃহপরিচারিকা। এ ঘটনায় দায়ের মামলায় বড় ধরনের আইনি ধাক্কা খেয়েছেন এই সংগীতশিল্পী।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত তাকে অবহেলার দায়ে দোষী সাব্যস্ত করে ভুক্তভোগীকে এক কোটি ২৯ লাখ মার্কিন ডলার (প্রায় ৯৭ লাখ পাউন্ড) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫৮ কোটি ৬৭ লাখ টাকা (১ ডলার= ১২৩ টাকা দরে)।
দুই সপ্তাহব্যাপী শুনানি শেষে জুরি বোর্ড মারিয়া আভিলা নামের ওই গৃহপরিচারিকার পক্ষে রায় দেয়। আদালতের রায় অনুযায়ী, ক্রিস ব্রাউন এবং তার প্রতিষ্ঠান ব্ল্যাক পিরামিড এলএলসি যৌথভাবে এই ক্ষতিপূরণ পরিশোধ করবে।
২০২০ সালের ঘটনা
আদালতে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০২০ সালে ক্যালিফোর্নিয়ার টারজানা এলাকায় অবস্থিত ক্রিস ব্রাউনের বাড়িতে আবর্জনা ফেলার সময় মারিয়া আভিলার ওপর হামলা চালায় ‘হেডিস’ নামের প্রায় ৯০ কেজি ওজনের একটি ককেশিয়ান শেফার্ড কুকুর।
মারিয়া আভিলা আদালতে জানান, কুকুরটি তার শরীরের বিভিন্ন অংশের বড় বড় চামড়া ছিঁড়ে ফেলে। এতে তার মুখ স্থায়ীভাবে বিকৃত হয়ে যায়। পাশাপাশি শরীরে গভীর ক্ষত, স্থায়ী দাগ, দৃষ্টিশক্তির আংশিক ক্ষতি এবং স্নায়ুর মারাত্মক ক্ষতি হয়।
হামলার পর ঘটনাস্থল ছেড়ে যান ব্রাউন
বিচার চলাকালে আদালতে সাক্ষ্য দেওয়া হয়, হামলার পর ক্রিস ব্রাউন নিজে আহত গৃহপরিচারিকার সহায়তায় এগিয়ে না এসে ঘটনাস্থল ত্যাগ করেন। জরুরি সেবা নম্বরে ফোন করা বা আহতকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে তিনি তার কর্মীদের দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যান।
আদালতে ব্রাউন দাবি করেন, পুলিশ উপস্থিত হলে বা ৯১১ নম্বরে তার কণ্ঠ শোনা গেলে গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হতে পারতো। সে কারণেই তার ব্যবস্থাপকের পরামর্শে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছিলেন।
ব্রাউন বলেন, তিনি গোসল করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ কুকুরের গর্জন শুনে নিচে নেমে দেখেন, মারিয়া আভিলা রক্তাক্ত অবস্থায় মাটিতে অচেতন হয়ে পড়ে আছেন।
তার ভাষায়, “চারদিকে এত রক্ত দেখে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমি তখন প্রচণ্ড মানসিক ধাক্কার মধ্যে ছিলাম।”
ক্ষতির পরিমাণ নিয়ে আপত্তি
বিচার শুরুর আগে ক্রিস ব্রাউন আংশিক দায় স্বীকার করলেও তিনি দাবি করেন, মারিয়া আভিলার আঘাতের মাত্রা অতিরঞ্জিত করা হয়েছে এবং ঘটনার জন্য ভুক্তভোগীরও কিছু দায় রয়েছে।
তিনি আরও বলেন, বাড়িতে কর্মরত দুই বোনকে তিনি আগেই সতর্ক করেছিলেন যে, কুকুরগুলো মোটেও বন্ধুসুলভ নয় এবং নিরাপত্তারক্ষী উপস্থিত না থাকলে বাইরে না যেতে।
তবে মারিয়া আভিলা ও তার বোন আদালতে এই দাবি অস্বীকার করেন। তাদের ভাষ্য, এমন কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। তাছাড়া ভাষাগত সীমাবদ্ধতার কারণে এ ধরনের আলোচনা হওয়ার সম্ভাবনাও ছিল না।
ক্রিস ব্রাউন আদালতে আরও জানান, কুকুরটি তার ব্যক্তিগত পোষা প্রাণী ছিল না। নিরাপত্তার স্বার্থে বাড়ি পাহারার জন্য তার নিরাপত্তাকর্মীরা কুকুরটি কিনেছিলেন এবং তারাই সেটির দেখাশোনা করতেন। তিনি বলেন, “আমাকে প্রায়ই অনুসরণ করা হয় এবং নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হয়।”
স্থায়ী শারীরিক ও মানসিক ক্ষতি
স্প্যানিশ ভাষায় দোভাষীর মাধ্যমে দেওয়া সাক্ষ্যে মারিয়া আভিলা বলেন, হামলার পর তার মুখ ও বাম হাতে ভয়াবহ দাগ রয়ে গেছে। চিকিৎসকেরা তার পেট থেকে চামড়া নিয়ে হাতে প্রতিস্থাপন করেছেন। এরপরও তার হাতের স্বাভাবিক শক্তি আর ফিরে আসেনি।
তিনি জানান, হাতের দুর্বলতা এবং ভয়াবহ মানসিক আঘাতের (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) কারণে তিনি আর গৃহপরিচারিকার কাজ করতে পারছেন না। কুকুরের কাছাকাছি গেলেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
পরিবারের অন্য সদস্যরাও পেলেন ক্ষতিপূরণ
মারিয়া আভিলার বোন প্যাট্রিসিয়া আভিলাকেও ৮ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। হামলার সময় তিনিও বাড়িটিতে কাজ করছিলেন।
এছাড়া মারিয়া আভিলার স্বামী অস্কার অলিভোকে ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
প্যাট্রিসিয়ার আইনজীবী মাইকেল সি. মারফি বলেন, “পাঁচ বছরেরও বেশি সময় ধরে আইনি লড়াইয়ের পর অবশেষে আমাদের ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন। ভয়াবহ সেই ঘটনার পর তার এবং তার পরিবারের জন্য এটি অত্যন্ত স্বস্তির বিষয়।”
সামনে আরও আইনি চ্যালেঞ্জ
বর্তমানে ক্রিস ব্রাউন যুক্তরাষ্ট্রে আরঅ্যান্ডবি তারকা আশারের সঙ্গে কনসার্ট সফরে রয়েছেন।
এদিকে ২০২৩ সালে যুক্তরাজ্যের একটি নাইটক্লাবে এক সংগীত প্রযোজকের ওপর বোতল দিয়ে হামলার অভিযোগেও তিনি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। এ মামলার বিচার আগামী অক্টোবর মাসে শুরু হওয়ার কথা।
চলতি বছরের জানুয়ারিতে তিনি সহ-আসামি ওমোলোলু আকিনলোলুর সঙ্গে যুক্তরাজ্যের আদালতে হাজিরা দেন। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। সূত্র: বিবিসি
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174551