বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি পালন

বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি পালন

শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়ায় জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্মৃতিকে সমুজ্জ্বল রাখতে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদল মহানগরের শহীদ খোকন পার্কে আজ বুধবারের (১ জুলাই) প্রথম প্রহরে শহিদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচি করে।

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহিদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদল মাসব্যাপী এ কর্মসূচির ঘোষণা দেয়। বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহিদদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়, তবে তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

মোমবাতি প্রজ্জ্বলনের পূর্বের সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ছাত্রদল সভাপতি বলেন,  ফ্যাসিবাদ সরকার পতনে সবার আগে রাজপথে ছিল ছাত্রদল। জুলাই আগস্টের স্পিরিট ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী অন্তরে লালন করেন। এছাড়াও ৯০ এর এরশাদ পতন ও ২০২৪ এর  ফ্যাসিবাদী হাসিনা সরকারকে উৎখাতে ছাত্রদলের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি। বক্তব্যের শেষে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি’র চেয়ারম্যান ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান এই ছাত্রনেতা। সবার আগে বাংলাদেশ গড়তে ছাত্রদলের প্রতিটি নেতাকর্নীকে বুকে জুলাইয়ের স্পিরিট ধারণ করে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি। 

আলোক প্রজ্জ্বলনের পূর্বের সংক্ষিপ্ত সমাবেশ শেষে সমাবেত কন্ঠে জাতীয় সংগীতে অংশ নেন উপস্থিত নেতাকর্মীরা। সকলের হাতের প্রজ্জ্বলিত মোমবাতিতে পার্কের চারপাশ আলোর আভায় ভরে উঠে। মোমবাতি প্রজ্জ্বলন শেষে নেতৃবৃন্দ জুলাই-আগস্ট মাসের স্মরণে সমস্বরে নানা স্লোগান দিয়ে সমাবশের সমাপ্তি ঘোষণা করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174535