বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরের পানি থেকে ফুটবল আনতে গিয়ে তুষার মিয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রাম এ ঘটনা ঘটে। তুষার এ গ্রামের রিপন মিয়ার ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সকালে তুষারের বাড়ির লোকজন কাজের জন্য বাড়ির পাশে গিয়েছিল। তুষার তার বাড়ির পাশের একটি পুকুরের ধারে একা একাই ফুটবল খেলছিল। একসময় তার ফুটবল পুকুরের পানিতে পড়ে যায়। তুষার ফুটবল তোলার জন্য পুকুরের পানিতে নামে। একসময় সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে সে পানিতে ভেসে উঠে। এরপর বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তারা পুকুর থেকে তুষারকে তুলে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তুষারের মা দিপালি বেগম বলেন, আমার ছেলেকে বাড়িতে রেখে আমি আমাদের মাঠের জমিতে কাজ করতে গিয়েছিলাম। লোকজনের চিৎকার শুনে বাড়িতে এসে দেখি আমার ছেলে পানিতে পড়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই আমার ছেলে আমাকে ছেড়ে পরপারে চলে গেছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174533