১৪৩ কোটির ঘাটতি নিয়ে জবিতে ৩৩০ কোটি টাকার বাজেট অনুমোদন
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৩০ কোটি টাকার মূল বাজেট অনুমোদন করা হয়েছে। তবে এই বাজেটে ১৪৩ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকার ঘাটতি রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘাটতি পূরণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে সুপারিশ করেছে।
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে উপাচার্য ড. মোঃ রইছ উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১২তম (বিশেষ) সভায় এ বাজেট অনুমোদন করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সাবিনা শরমীন বাজেট উপস্থাপন করেন এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম বাজেটের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
অনুমোদিত বাজেট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ধরা হয়েছে ২৩০ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে ইউজিসির বরাদ্দ ২০২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ২৭ কোটি ৫০ লাখ টাকা।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের ৩৩০ কোটি টাকার মূল বাজেটে ইউজিসির বরাদ্দ ১৫৯ কোটি ১০ লাখ ৬৩ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ২৭ কোটি ৫০ লাখ টাকা এবং ঘাটতি ১৪৩ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গবেষণা অনুদান ও যানবাহন খাতে ইউজিসির বরাদ্দ এখনো স্থগিত রয়েছে। এছাড়া কয়েকটি খাতে চাহিদার তুলনায় প্রায় ৫০ শতাংশ কম বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তীতে সংশোধিত বাজেটে এসব অর্থ পাওয়া যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
অনুমোদিত বাজেটে গবেষণা খাতে ৮ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৩০ লাখ টাকা, অন্যান্য অনুদানে ৬২ কোটি ৬ লাখ ৩৪ হাজার টাকা, যন্ত্রপাতি ক্রয়ে ৫ কোটি ৯৭ লাখ টাকা, যানবাহন খাতে ৫ কোটি টাকা, তথ্য ও প্রযুক্তি খাতে ২ কোটি ৩০ লাখ টাকা এবং অন্যান্য মূলধন খাতে ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বেতন-ভাতায় ১২৯ কোটি ৮০ লাখ ৬৬ হাজার টাকা এবং পণ্য ও সেবায় ১০৮ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি বাবদ ৬০ কোটি টাকা এবং অস্থায়ী হল নির্মাণে ৩০ কোটি টাকা ঘাটতি বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এসব খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা প্রয়োজন।
এদিকে উন্নয়ন বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন (ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন, প্রথম সংশোধিত) প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৪৬ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকা। প্রকল্পের অবশিষ্ট কাজের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ২০১ কোটি ২১ লাখ ১১ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সভা শেষে উপাচার্য বাজেট অনুমোদনের সুপারিশ করায় অর্থ কমিটির সদস্য, ট্রেজারার, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174523