আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ শেষ মুহূর্তের নাটকীয়তায় আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। ম্যাচের শেষ দিকে আর্লিং হালান্ডের জয়সূচক গোলে উল্লাসে মাতে নরওয়েজিয়ানরা, আর শেষ হয়ে যায় আইভরি কোস্টের বিশ্বকাপ যাত্রা।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল আইভরি কোস্ট। প্রথম ৩০ মিনিটে বলের নিয়ন্ত্রণ ও সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও গোল করতে পারেনি তারা। সেই ব্যর্থতারই খেসারত দিতে হয় পরে।

প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে নরওয়েকে এগিয়ে দেন আন্তোনিও নুসা। পেপেকে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের দারুণ বাঁকানো শটে বল জালে পাঠান তিনি। দুর্দান্ত সেই ফিনিশে কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের।

বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন আর্লিং হালান্ড ও আলেকজান্ডার সোরলথ। তবে দুজনই সুযোগ কাজে লাগাতে না পারায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে নরওয়ে।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আমাদু দিয়ালো। প্রথমে গোললাইন থেকে বল ক্লিয়ার করে নরওয়ের নিশ্চিত গোল বাঁচান। এরপর আক্রমণে উঠে পেপের সঙ্গে দারুণ ওয়ান-টু খেলে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে ১-১ সমতা ফেরান তিনি।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই নায়ক হয়ে ওঠেন হালান্ড। নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে অস্কার ববের পাস থেকে বার্গ ডান দিক দিয়ে নিচু ক্রস বাড়ান। হালান্ডের শট পুরোপুরি নিখুঁত না হলেও বল ধীরে ধীরে গোললাইন অতিক্রম করে জালে জড়িয়ে যায়। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ ষোলোতে জায়গা করে নেয় নরওয়ে।

এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হলো আইভরি কোস্টের। তবে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে ওঠার অর্জন নিয়েই দেশে ফিরবে আফ্রিকার দলটি।

অন্যদিকে শেষ ষোলোতে নরওয়ের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শক্তিশালী সেই প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174521