চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু যুবক নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু যুবক নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া মহানন্দা জাল দিয়ে মাছ ধরতে নেমে ডুবে প্রবাসী এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৃথক ঘটনা দুটি ঘটে।

সূত্রগুলো জানায়, পদ্মায় ডুবে মৃত দুই কিশোর হল সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা হাজীপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে রিফাত আলী(১৬) এবং একই ইউনিয়নের বইড়পাড়া গ্রামের আলমের ছেলে রাসেল(১৭)। রিফাত ও রাসেল দু’জনই সুন্দরপুর সুবাগ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তারা ৪/৫ জন বন্ধু সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নে পদ্মা নদীর আলিমনগর ঘাটে গোসল করতে যাবার পর পানিতে ডুবে দু’জন মারা যান।

অপরদিকে, মহানন্দায় মাছ ধরতে নেমে নিখোঁজ হন জেলা শহরের আরামবাগ মহল্লার রহুল আমিনের ছেলে সাকিরুল হক(৩৩)। তিনি দুবাই প্রবাসী। মাসখানেক পূর্বে বাড়ি ফিরে দুই বন্ধুকে নিয়ে শখ করে শহরের রেহাইচর এলাকায় মহানন্দা রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হন।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, আজ মঙ্গলবার (৩০ জুন) বেলা ২টার দিকে পদ্মায় ডুবে যাবার পর রাজশাহী থেকে ডেকে আনা ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিফাতের এবং সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাসেলের মরদেহ পানি থেকে উদ্ধার করে। কিন্তু মহানন্দায় নিখোঁজ সাকিরুলের খোঁজ রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া যায়নি।

সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, পদ্মায় ডুবে রাসেল ও রিফাত নামে দুই কিশোর মারা গেছে। অপরদিকে, মহনন্দায় ডুবে নিখোঁজ হয়েছে সাকিরুল নামে এক যুবক। নৌ পুলিশ ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174501