অ্যাকাডেমিক পারফরম্যান্সে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, স্থান পেল ওয়ার্ল্ড র্যাঙ্কিয়ে
ঢাবি প্রতিনিধি: অ্যাকাডেমিক পারফরম্যান্সভিত্তিক বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে (University Ranking by Academic Performance-URAP) বাংলাদেশের মধ্যে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটির (METU) ইউআরএপি রিসার্চ ল্যাবরেটরি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫–২৬ -এ দেশের ২০টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
সম্প্রতি,প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে বিশ্বের ৩ হাজার ৭৭৬টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। গবেষণা কার্যক্রম, প্রকাশনা ও আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন অ্যাকাডেমিক সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে ইউআরএপি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গবেষণা নিবন্ধ (২১ শতাংশ), মোট একাডেমিক প্রকাশনা (১০ শতাংশ), গবেষণাকর্মের উদ্ধৃতি বা সাইটেশন (২১ শতাংশ), গবেষণার মান ও প্রভাব (১৮ শতাংশ), উদ্ধৃতির প্রভাব (১৫ শতাংশ) এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা (১৫ শতাংশ) বিবেচনায় নিয়ে এ র্যাঙ্কিং প্রস্তুত করা হয়েছে।
এবারের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৯৮৯তম। যা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যার বৈশ্বিক অবস্থান ১ হাজার ৩১৯তম।
দেশীয় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), যার বৈশ্বিক অবস্থান ১ হাজার ৩৮৮তম। এরপর রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
এ ছাড়া তালিকায় স্থান পাওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয় হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আউস্ট) এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174456