বগুড়ায় কুকুরকে কোপানোর ঘটনায় ফার্নিচার ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের কানুছগাড়ী এলাকায় একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর মালতিনগরের বকশিবাজার এলাকা থেকে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মো. স্বপন নগরীর রহমাননগর এলাকার বাসিন্দা। এর আগে একই দিন প্রাণী নির্যাতনের অভিযোগে ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বগুড়া সদর থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, সোমবার দুপুরে খবর পেয়ে এমরান হোসেন কানুছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে গিয়ে একটি সাদা-কালো রঙের কুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় দুই ব্যক্তির সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। এজাহারে বলা হয়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহিম আলী জানান, কানুছগাড়ি এলাকায় একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফার্নিচার ব্যবসায়ী স্বপন। খবর পেয়ে বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সদস্য ইমরান হোসেন সোমবার দুপুরে কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় তিনি অভিযুক্ত ফার্নিচার ব্যবসায়ী স্বপনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মামলার আসামি হিসেবে স্বপনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকুও উদ্ধার করা হয়।
বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান জানিয়েছেন, কুকুরটির পিঠে ও লেজে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। আঘাতটি গুরুতর হওয়ায় কুকুরের ওই স্থানে চারটি সেলাই দেওয়া হয়েছে। এখন কুকুরটি সুস্থ রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174437