ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ রাজা হাসান রাজু (২৯) ও রাফায়েল হাসান হৃদয় (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার হওয়া দুজন সম্পর্কে আপন মামা-ভাগিনা।

আজ সোমবার (২৯ জুন) সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা সড়কে একটি ব্যাটারি চালিত ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।

গ্রেফতারকৃত রাজা হাসান রাজু বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে এবং রাফায়েল হাসান হৃদয় ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে। সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতার হওয়া মামা-ভাগিনা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ইয়াবার অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174415