দিনাজপুরের ঘোড়াঘাটে ৬৭ বিদ্যালয়ের তদারকিতে একজন কর্মকর্তা, দুই দশকের সংকট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রায় দুই দশক ধরে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সংকট থাকায় শিক্ষার মানোন্নয়ন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমানে উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদারকির দায়িত্ব পালন করছেন মাত্র একজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
আজ সোমবার (২৯ জুন) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৮টি পৌরসভা ও ৪টি ইউনিয়নে মোট ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য রয়েছেন একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাত্র একজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা। নীতিমালা অনুযায়ী যেখানে প্রতি ১৫ থেকে ২৫টি বিদ্যালয়ের জন্য একজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থাকার কথা।
ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমান বলেন, নিয়মিত তদারকি শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও পাঠদানের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন শূন্য পদ পূরণ না হওয়ায় বিদ্যালয়গুলো প্রয়োজনীয় একাডেমিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল বলেন, ৬৭টি বিদ্যালয়ের মনিটরিং, শিক্ষকদের একাডেমিক সহায়তা, বিভিন্ন পরীক্ষা, তথ্য যাচাই-বাছাই এবং সব বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব একাই পালন করতে হচ্ছে। একজন মানুষের পক্ষে সব দায়িত্ব যথাযথভাবে পালন করা কঠিন হয়ে পড়ছে। এখানে অন্তত আরও একটি পদ সৃষ্টি করা হলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতো।
বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ইতোমধ্যে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চাহিদা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বিদ্যালয় তদারকি ও শিক্ষার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174398