৩ মাসের আয়ানের হার্টে ছিদ্র বাঁচাতে মা-বাবার আকুতি
তিন মাস বয়সী শিশু আয়ানের হার্টে ছিদ্র। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশুটি। চিকিৎসকরা জানিয়েছেন আয়ানকে সুস্থ করতে দ্রুত অস্ত্রোপচার (অপারেশন) প্রয়োজন। এজন্য চিকিৎসা খরচ লাগবে ৪ লাখ টাকা। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করার সামর্থ নেই ফুটপাতে কাপড় বিক্রেতা সাদ্দাম হোসেনের। তাই হৃদয়বান ও মানবিক মানুষদের সহায়তা চেয়ে আকুতি জানিয়েছেন শিশুটির মা শিলা বেগম ও বাবা সাদ্দাম হোসেন। সন্তানকে বাঁচাতে স্ত্রীকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন সাদ্দাম হোসেন।
কিন্তু তেমন সাড়া পাচ্ছেন না। তিনি আকুতি করে বলেন দেশে অনেক মানুষ। হৃদয়বান ব্যক্তিরা যদি সামর্থ অনুযায়ী সহায়তাও দেয় তাহলে আমার সন্তান বেঁচে যাবে। শিশুটির মা শিলা বেগম কাঁদতে কাঁদতে বলেন, চিকিৎসার টাকার জন্য অনেক স্থানে যাচ্ছি। তেমন সাড়া পাইনি। চিকিৎসার টাকা না পেলে হয়তো আমার সন্তানকে আর বাঁচাতে যাবেনা। তাই সবার কাছে মিনতি আমার সন্তানকে বাঁচাতে একটু সহযোগিতা করেন। সহযোগিতা পেলে আমরা চির কৃতজ্ঞ থাকবো।
বগুড়া মহানগরের সেউজগাড়ী পালপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ২য় সন্তান আয়ান। জন্মের কিছুদিন পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে এনজিওগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষাশেষে তার হার্টে ছিদ্র থাকার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক।
সাদ্দাম হোসেন বলেন,আয়ানের জন্ম চলতি বছরের গত ৬ এপ্রিল। গত ১৫ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে হৃদরোগটি ধরা পড়ে। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। তাই সন্তানের জীবন বাঁচাতে তিনি সমাজের বিত্তবান, হৃদয়বান ও মানবিক মানুষদের সহযোগিতা চান। মানুষের একটু সহযোগিতা পেলে আয়ান বেঁচে যাবে।
উল্লেখ্য, যে কোনো ব্যক্তি চাইলে আর্থিক সহায়তা পাঠিয়ে শিশু আয়ানের চিকিৎসায় অংশ নিতে পারেন। সহযোগিতা পাঠানোর ঠিকানা ব্যাংক: আইএফআইসি ব্যাংক হিসাব নম্বর: ০২০০০৬২৪৫৮০৩২ বিকাশ/নগদ: ০১৭২৩-২০০১৪৭ হিসাবধারী: মো. সাদ্দাম হোসেন (শিশু আয়ানের বাবা) ঠিকানা : সেউজগাড়ী পালপাড়া, ৮ নম্বর ওয়ার্ড, বগুড়া মহানগর।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174377