জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার, জানালেন ব্রাজিল কোচ
দীর্ঘদিন পর ব্রাজিলের জার্সি গায়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। ম্যাচ শেষ হওয়ার ১০-১২ মিনিট আগে তাকে নামানো হয়। দলও জয়লাভ করে ৩-০ ব্যবধানে। নকআউটে এবার তুলনামূলক শক্ত প্রতিপক্ষ জাপানকে পেয়েছে ব্রাজিল। যাদের বিপক্ষে গেল বছরই ৩-২ ব্যবধানে হেরেছিল ব্রাজিল।
নেইমার এখন ১৫ মিনিটের বেশি খেলতে প্রস্তুত। তবে তিনি কতক্ষণ মাঠে থাকবেন, তা পুরোপুরি নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর। জাপানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এমনটাই জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
স্কটল্যান্ডের বিপক্ষে জয়ী একাদশই আবারও মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে ইতালিয়ান কোচের। তাই সোমবার হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১২টায় (ব্রাসিলিয়া সময় দুপুর ২টা) অনুষ্ঠিতব্য বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও নেইমারকে বেঞ্চ থেকেই শুরু করতে দেখা যেতে পারে। আগের ম্যাচে তিনি দ্বিতীয়ার্ধের ৩০তম মিনিটে মাঠে নেমেছিলেন।
রবিবারের সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমারের উন্নতি খুব ভালোভাবে হচ্ছে। আমার বিশ্বাস, গত এক সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। দুর্ভাগ্যজনকভাবে সে পুরো সময় আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। অবশ্যই সে ১৫ মিনিটের বেশি খেলতে পারে। তবে আগামীকালের ম্যাচে সে কতক্ষণ খেলবে, সেটা অনেকটাই ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।’
ব্রাজিল যদি জাপানকে হারিয়ে পরবর্তী রাউন্ডে ওঠে, তাহলে তারা নরওয়ে ও আইভরি কোস্ট ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174347