বগুড়ার সারিয়াকান্দিতে বিল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে বিল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে আব্দুল মান্নান (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আব্দুল মান্নান গাবতলী উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের গেদা মুন্নার ছেলে। আজ সোমবার (২৯ জুন) সকালে সারিয়াকান্দি থানা পুলিশ উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া কৈখালী বিলের পাকা সড়কের পাশে থেকে তার লাশ উদ্ধার করে। 

জানা গেছে, আব্দুল মান্নান সিএনজিচালিত অটোরিকশা ভাড়া চালিয়ে তার সংসার খরচ চালাতেন। অটোরিকশা চালানোর জন্য গত রবিবার তিনি তার নিজ বাড়ি থেকে বের হন। রবিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তাকে তার সহকর্মীরা বগুড়া চেলোপাড়া সিএনজি স্ট্যান্ডে দেখেছেন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সোমবার সকালে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া কৈখালী বিলে পাকা সড়কের পাশে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা সারিয়াকান্দি থানায় খবর দেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের পরিচয় শনাক্ত করে। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে নির্জন বিলের ধারে লাশ ফেলে দেওয়া হয়। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে, তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174324