বাংলাদেশকে নিজেদের অঙ্গ মনে করে ভারত: বিজেপির মন্ত্রী

বাংলাদেশকে নিজেদের অঙ্গ মনে করে ভারত: বিজেপির মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কবাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর প্রসঙ্গ তুলে বাংলাদেশ সম্পর্কে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, বাংলাদেশকে ভারত নিজেদের ‘অঙ্গ’ মনে করে এবং দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য সীমিত হওয়ায় ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশই।

রোববার (২৮ জুন) আরএসএস-ঘনিষ্ঠ প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ভেটেরিনারি ডক্টরস আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, ‘ভিসা তো আমরা সব সময়ই দিতাম। বাংলাদেশকে আমরা অঙ্গ মনে করি। কিন্তু তারা যদি আমাদের সে দৃষ্টিতে না দেখে, শত্রুর মতো আচরণ করে, তাহলে আমাদেরও কঠোর হতে হয়।’

তিনি আরও দাবি করেন, বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা ততটা উন্নত নয়। এ কারণে অনেক রোগী চিকিৎসার জন্য কলকাতা ও দিল্লিতে যান। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর পক্ষে মত দেন।

বাংলাদেশের শিল্প খাত নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তার ভাষ্য, বাংলাদেশে শিল্পকারখানা কম এবং চাল, ডাল, তেল, নুন, ফল ও সারসহ বিভিন্ন পণ্য পশ্চিমবঙ্গ থেকে সরবরাহ করা হয়। এছাড়া পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ীর কোটি কোটি টাকা বাংলাদেশে আটকে রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ব্যবসা ও ভিসা কার্যক্রম স্বাভাবিক হলে দুই পক্ষই উপকৃত হবে। তার দাবি, বাংলাদেশ এখন উপলব্ধি করছে যে সম্পর্ক সীমিত হওয়ার ক্ষতি তাদেরই বেশি হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে ভারত। তবে রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসার আবেদন আবারও গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174312