বগুড়ায় বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দুই ঘণ্টা উৎসবমুখর আ.হক কলেজ
শহর প্রতিনিধি (বগুড়া) : ঘড়ির কাঁটায় সকাল ৭টা, মৃদু মিষ্টি রোদের ছটায় আলোকিত বগুড়া মহানগরের সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণ। কলেজ বটতলায় শুরু হয়েছে উৎসব। ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল।
সবার গায়ে জড়ানো আকাশি-সাদা জার্সি। আর্জেন্টিনা বনাম জর্ডানের মধ্যকার ম্যাচটি বড় পর্দায় সবাই মিলে উপভোগ করতে খেলা শুরুর আগেই পুরো এলাকা রূপ নেয় এক টুকরো আর্জেন্টিনায়। ম্যাচের সেই ৯০ মিনিট আর অতিরিক্ত সময় মিলিয়ে প্রায় দুই ঘণ্টার জন্য এই প্রাচীন বিদ্যাপীঠ হয়ে উঠেছিল বুয়েনস আইরেসের (আর্জেন্টিনার রাজধানী) কোনো এক উৎসবমুখর চত্বর।
আজ রোববার (২৮ জুন) ২৫ ফুটের বিশাল এলইডি স্ক্রিনে খেলা দেখতে বগুড়ার এই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে হাজির হন হাজারও ভক্ত। বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করতে কলেজ বটতলা থেকে শুরু করে শহীদ মিনার, বাস্কেটবল মাঠের সামেনর সড়ক, মূল ফটকের সামনে এবং স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণ লোকেলোকারণ্য হয়ে ওঠে।
কলেজের লাল দালানের এই বটতলা চত্বরে জায়ান্ট স্ক্রিনের সামনে খেলা দেখতে সকাল ৬.৩০টার পর থেকেই জড়ো হতে থাকেন জামিলনগর, সেউজগাড়ী, মালগ্রাম, কামারগাড়ী, পুরান বগুড়া, জহুরুলনগরসহ আশপাশের বিভিন্ন উপজেলার শিক্ষার্থী এবং বিভিন্ন বয়সের পুরুষ ও নারী ফুটবলপ্রেমীরা।
জহুরুলনগরে মেসবাড়ি থেকে আসা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তৌফিকুর বলেন, মেসে বোর্ডাররা সবাই খেলা দেখার চেয়ে ডিপার্টমেন্টের বন্ধু ও কলেজের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে বড় পর্দায় দেখার আনন্দই আলাদা। এখানে গোল হলে যে উল্লাস হয়, তাতে মনে হয় যেন গ্যালারিতে বসেই খেলা দেখছি। এই দুই ঘণ্টা আমরা ভুলেই গিয়েছিলাম যে বাংলাদেশে আছি।
আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করতে জামিলনগর থেকে আসা বাসিন্দা মিন্টু বলেন, ফুটবল নিয়ে চরম উন্মাদনা থাকলেও পুরো দুই ঘণ্টা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমনকি স্থানীয় অন্য দলের সমর্থকদেরও দেখা গেছে শান্ত পরিবেশে বসে খেলা উপভোগ করতে।
ফুটবলপ্রেমী তরুণ কলেজ ছাত্রনেতা আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিউল আল আমিন বলেন, এ প্রদর্শনীর মূল উদ্দেশ্যই ছিল সবাইকে একসঙ্গে করে একটি সুস্থ বিনোদনের ব্যবস্থা করা।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আয়োজনে বটতলায় বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম জর্ডানের ম্যাচ সরাসরি সম্প্রচারের আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে কলেজ ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ছাত্র-যুব সমাজকে মাদক ও অপকর্ম থেকে দূরে রাখতে অগ্রণী ভূমিকা রাখতে ছাত্রদলকে নির্দেশনা দিয়েছেন তারুণ্যের অহঙ্কার প্রধানমন্ত্রী তারেক রহমান, তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রজিবুল ইসলাম শাকিল ও অন্যান্য নেতৃবৃন্দ। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব বলেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য এর আগে বাংলাদেশ-বনাম ভারতের ক্রিকেট ম্যাচ বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করেছিল কলেজ ছাত্রদল।
আজকের আর্জেন্টিনার ম্যাচই শুধু নয় পরবর্তীতে ব্রাজিল এবং ফাইনাল ম্যাচ দেখানোর পরিকল্পনা রয়েছে। আর্জেন্টিনা তিন এক গোলে জর্ডানকে পরাজিত করায় খেলা শেষে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও নিজেদের আনন্দের মুহূর্ত ক্যামেরায় ধারণের মাধ্যমে শেষ হয় এ ফুটবল উৎসব।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174285