বগুড়ার কাহালুতে জামাইয়ের ছুরিকাঘাতে দাদা শ্বশুর নিহত, জমি নিয়ে বিরোধ

বগুড়ার কাহালুতে জামাইয়ের ছুরিকাঘাতে দাদা শ্বশুর নিহত, জমি নিয়ে বিরোধ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে কাহালু উপজেলায় জামাই ও তার ভাইয়ের ছুরিকাঘাতে দাদা শ্বশুর আলহাজ্ব মকবুল হোসেন (৭০) নিহত এবং শ্বশুর শহিদুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়েছেন। আহত শহিদুল ইসলামকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আজ রোববার (২৮ জুন) বিকেল বিকেল সাড়ে ৩ টার দিকে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল নয়াপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত হাছেন প্রামানিকের ছেলে। জানা গেছে, মকবুল হোসেনের নাতনি সুমাইয়ার সাথে পাশাপাশি বাড়ি নুরুল ইসলাম মাষ্টারের ছেলে শাকিলের বিয়ে হয়।

তবে মকবুল হোসেনের সাথে সুমাইয়ার শ্বশুর নুরুল ইসলামের জমি নিয়ে বেশ কিছুদিন ধরে চরম বিরোধ চলে আসছিল। পরে এই বিরোধের জের ধরে গতকাল বিকেলে উল্লেখিত সময়ে শাকিল (২৮) ও তার ছোট ভাই সবুজের(২৬) সাথে বাড়ির বাইরে মকবুল ও তার ছেলে শহিদুল ইসলামের বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে শাকিল ও ছোট ভাই সবুজ ছোরা নিয়ে মকবুল ও শহিদুল উপর ঝাপিয়ে পড়ে।

এসময় তারা তাদের শরীরের বিভিন্নস্থানে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করলে তারা দুজন’ই গুরুতর আহত হয়। তাদেরকে  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪ টার দিকে মকবুল হোসেন মারা যান। অপরদিকে আহত শহিদুল ইসলামের অবস্থার অবনতি ঘটলে  সন্ধ্যায় তাকে ঢাকা স্থানান্তর করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানা যায়।

কাহালু থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মাহবুবুর রহমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। নিহত মকবুল হোসেনের মরদেহ বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনার পর থেকে হামলাকারী শাকিল ও সবুজ গ্রাম ছেড়ে পালিয়ে গেছে বলে জানা যায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174273