বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জের যুবদল নেতাকে ছুরিকাঘাত

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জের যুবদল নেতাকে ছুরিকাঘাত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে পূর্ব শত্রুতার জেরে এরশাদ আলী (৪০) নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের শালফা-গজারিয়া সড়কের ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত কিশোর রাব্বিকে (১৭) আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। আহত এরশাদ আলী শালফা গ্রামের উজির আকন্দের ছেলে ও খানপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আর্জেন্টিনার খেলা দেখে বাড়ি ফিরছিলেন যুবদল নেতা এরশাদ আলী। তিনি শালফা-গজারিয়া সড়কের ব্রিজের ওপর পৌঁছা মাত্রই সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা ওই কিশোর তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় এরশাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই কিশোরকে ছুরিসহ হাতেনাতে আটকে করে স্থানীয় বিএনপি কার্যালয়ে নিয়ে যায় এবং এরশাদ আলীকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার পর স্থানীয় জনতা অভিযুক্ত কিশোরকে আটকে রেখেছিল। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাব্বিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174266