ফাইনালের পথ পরিষ্কার, আর্জেন্টিনার সামনে শক্ত কোন প্রতিদ্বন্দ্বীই নেই!

ফাইনালের পথ পরিষ্কার, আর্জেন্টিনার সামনে শক্ত কোন প্রতিদ্বন্দ্বীই নেই!

গ্রুপ পর্বেই আর্জেন্টিনা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ শিরোপা ধরে রাখতেই যুক্তরাষ্ট্রে এসেছে তারা এবার। ২০২২ বিশ্বকাপে দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে যে ট্রফিটা মেসির হাতে ধরা দিয়েছিল, সেটি এবারও ধরে রাখতে ১৯ জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আবারও লড়াইয়ে নামতে চান আর্জেন্টাইন ফুটবলাররা।

আলজেরিয়া, অস্ট্রিয়া এবং সর্বশেষ জর্ডানের বিপক্ষে যে ফুটবল উপহার দিয়েছে আর্জেন্টিনার ফুটবলাররা, তাতে তাদের এবারের বিশ্বকাপের টপ ফেবারিটের মর্যাদা না দিয়েও কোনো উপায় নেই। ৩৯ বছর বয়সে এসেও যেন জীবনের সেরা খেলাটা উপহার দিচ্ছেন মেসি। এখন পর্যন্ত করেছেন ৬টি অবিশ্বাস্য গোল।

তবে শুধু ফেবারিটের তকমাই নয়, ভাগ্যটাও কেন যেন সুপ্রসন্ন মেসি এবং আর্জেন্টিনার। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছানোর ক্ষেত্রে আর্জেন্টিনার সামনে খুব বড় কোনো বাধাই নেই, শুধু সেমিফাইনাল ছাড়া। তবুও, সেমিতে যাদের সম্ভাব্য প্রতিপক্ষ বিবেচনা করা হচ্ছে, তাতে আর্জেন্টিনার বর্তমান ফর্মের তুলনায় তারা খুব একটা এগিয়ে নেই।

লিওনেল স্কালোনির দল গ্রুপ ‘জে’ থেকে এক ম্যাচ হাতে রেখেই শীর্ষস্থান নিশ্চিত করেছিল। শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠেছে তারা। রাউন্ড অব-৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে।

ফাইনালের পথে আর্জেন্টিনার সম্ভাব্য পথচিত্র

যদি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা প্রতিটি নকআউট ম্যাচ জিতে এগিয়ে যেতে পারে, তাহলে তাদের সম্ভাব্য সূচি হবে—

রাউন্ড অব-৩২: ৩ জুলাই, মিয়ামিতে কেপ ভার্দের বিপক্ষে
রাউন্ড অব-১৬: ৭ জুলাই, আটলান্টায়
কোয়ার্টার ফাইনাল: ১১ জুলাই, কানসাস সিটিতে
সেমিফাইনাল: ১৫ জুলাই, আটলান্টায়
ফাইনাল: ১৯ জুলাই, নিউ জার্সিতে

অর্থাৎ শিরোপা ধরে রাখার লক্ষ্য পূরণ করতে হলে টানা পাঁচটি নকআউট ম্যাচ জিততে হবে লিওনেল মেসিদের।

শেষ ষোলোতে অপেক্ষায় কারা?

এই মুহূর্তে নিশ্চিত একমাত্র প্রতিপক্ষ কেপ ভার্দে। তবে শেষ ষোলোতে উঠতে পারলে আর্জেন্টিনার সামনে আসতে পারে অস্ট্রেলিয়া কিংবা মিশর।

মিশরের বিপক্ষে অস্ট্রেলিয়া জয়ী হলে ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটির পুনরাবৃত্তি হবে। সেবার অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত সেভে রক্ষা পেয়েছিল লাতিন আমেরিকার দলটি।

কোয়ার্টারেও বড় প্রতিপক্ষ নেই

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কলম্বিয়া। তারা গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে। এছাড়া সুইজারল্যান্ডও সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে, যারা নিজেদের গ্রুপে দারুণ ছন্দে ছিল। যদিও এই দুই দলের যেকোনো একটির বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার জন্য হতে পারে টুর্নামেন্টের অন্যতম কঠিন পরীক্ষা।

সেমিফাইনালে প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল বা ইংল্যান্ড

ফিফার নির্ধারণ করা সূচি অনুযায়ী, সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল কিংবা ইংল্যান্ড। বিশ্বকাপের দুই শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে সম্ভাব্য সেমিফাইনাল ফুটবল বিশ্বকে উপহার দিতে পারে আরেকটি ক্লাসিক লড়াই।

ফাইনালে ইউরোপীয় শক্তির চ্যালেঞ্জ

আর্জেন্টিনা যদি ফাইনালে পৌঁছাতে পারে, তাহলে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করতে পারে ইউরোপের কোনো পরাশক্তি। সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস ও জার্মানি। অর্থাৎ শিরোপা ধরে রাখার মিশনে শেষ ধাপেই হয়তো সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়তে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

গ্রুপ পর্বে আত্মবিশ্বাসী পারফরম্যান্সের পর এখন নকআউটের প্রতিটি ম্যাচই আর্জেন্টিনার জন্য ‘ড অর ডাই’। কেপ ভার্দেকে দিয়ে শুরু হওয়া এই যাত্রা কি শেষ পর্যন্ত নিউ জার্সিতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে শেষ হবে, নাকি মাঝপথেই থেমে যাবে মেসিদের শিরোপা ধরে রাখার স্বপ্ন?

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174254