গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি নেতার ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি নেতার ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনার ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল শনিবার হামলার ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, মাছচাষ করার জন্য শহিদুল ইসলাম সোনা নিজস্ব পুকুর খনন করছেন। এই মাটিগুলো সরকারি কাজে সড়ক নির্মাণের জন্য সরবরাহ করেন তিনি। গতকাল শনিবার সকালে উত্তোলনকৃত মাটি ট্রাক্টরযোগে নির্মাণাধীন সড়কে বহন করছিলেন।

এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও পূর্ব দামোদপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল খালেক, নান্নু মিয়া, লাজু মিয়া এবং কফিল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামসহ আরও অনেকে সোনা মিয়া কাছে চাঁদা দাবি করেন।

এতে অস্বীকৃতি জানালে আব্দুল খালেক তার দলবল নিয়ে অতর্কিত হামলা করে। এসময় হামলাকারীদের লাঠির আঘাতে সোনা মিয়াসহ একাধিক ব্যক্তি আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেকের সাথে যোগাযোগ চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174231