হামলা-পাল্টা হামলার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হামলা-পাল্টা হামলার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইরান। ঠিক এই সময়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরকারি সফরে ইরাকের রাজধানী বাগদাদের উদ্দেশে রওনা হয়েছেন। 

শনিবার (২৭ জুন) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আরাগচি এ তথ্য জানান। সফরকালে তিনি ইরাকের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে ইরান-ইরাকের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তবে সফরটি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে বিশেষ গুরুত্ব বহন করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174195