শিবিরের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী হেনস্তার অভিযোগ: প্রতিবাদে ছাত্রদলের স্মারকলিপি

শিবিরের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী হেনস্তার অভিযোগ: প্রতিবাদে ছাত্রদলের স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগে হল প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শহীদুল্লাহ্ হল ইউনিট। আজ শনিবার (২৭ জুন) রাতে হল প্রাধ্যক্ষের কাছে এ স্মারকলিপি জমা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে তারা অভিযোগ করেন, গত ২৭ জুন ফ্রান্স বনাম নরওয়ে ম্যাচ উপভোগ করতে হলে আসা কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী হল ছাত্রসংসদের সমাজসেবা সম্পাদক ও শাখা ছাত্রশিবিরের কর্মী সাজু মিয়ার হাতে হেনস্তার শিকার হন। একপর্যায়ে তাদের হল প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনাকে তারা অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও সহাবস্থানের সংস্কৃতির পরিপন্থী।

ছাত্রদল স্মারকলিপিতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।

এ ছাড়া, একই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার সময়ও তাদের সার্বিক সহযোগিতা করেছেন শহীদুল্লাহ্ হল ছাত্রদলের নেতৃবৃন্দ বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174147