বগুড়ায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

বগুড়ায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

শহর প্রতিনিধি (বগুড়া) :  বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখা। গতকাল শুক্রবার ২৬ জুন  সকালে সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ বটতলা থেকে র‌্যালিটি শুরু হয়। পরে শহরের তিনমাথা রেলগেট, মেডিকেল মোড়, বনানী, কলোনী, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও সাতমাথা হয়ে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

র‌্যালিতে মাদকবিরোধী বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। পাশাপাশি জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন স্থানে সাধারণ মানুষ র‌্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

র‌্যালি শেষে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারি শফিকুল ইসলাম, আইন সম্পাদক আল জাবের হক্কানী ও প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটনসহ নেতৃবৃন্দ।

সমাবেশে খন্দকার হাবিবুল্লাহ বলেন, মাদক বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর কারণে পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তরুণদের সম্ভাবনা নষ্ট হচ্ছে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন এবং কলেজ ক্যাম্পাসে মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174140