যে জাতি নারীকে সম্মান দিতে জানে না সে জাতি সভ্য হয় না : সমাজকল্যাণমন্ত্রী

যে জাতি নারীকে সম্মান দিতে জানে না সে জাতি সভ্য হয় না : সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর জেলা প্রতিনিধি : সমাজকল্যাণ এবং মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারী ও শিশু নির্যাতনকারীরা সমাজের শত্রু, এ ধরণের অপরাধী যেই হোক না কেন, কোন ধরণের শিশু বা নারী নির্যাতনকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। যে জাতি নারীকে সম্মান দিতে জানে না, সে জাতি সভ্য হয় না। যে জাতি শিশুদের অধিকার নিয়ে বড় হতে দেয় না, সে জাতি ভাল ভবিষ্যৎ প্রজন্ম পাবে না। নারী ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অধিকার সুরক্ষায় বর্তমান সরকার সোচ্চার রয়েছে।

গতকাল শুক্রবার দুপুর ১২টায় দিনাজপুর শহরে মিউনিসিপাল হাইস্কুল মাঠে মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায়, অতি দরিদ্র গর্ভবতী মায়েদের গর্ভকালীন ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শুধু দিনাজপুর নয় সারাদেশে নারী ও শিশুদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিশুরা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে, কোন নির্যাতন বা অন্যায়ের শিকার না হয়, এ ব্যাপারে আমরা সজাগ রয়েছি।

সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতনের বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। মাদক, নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আরও জোরালো ভূমিকা রাখতে সরকারিভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। কোন ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে এ ধরণের অপরাধীরা অপরাধ করার পরও বেরিয়ে যেতে না পারে এ বিষয়ে সরকারের কঠোর দৃষ্টি রয়েছে।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এড. মো. মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান, জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক মো. আব্দুল মতিনসহ প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174137