বগুড়ার আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের কাশিমালা সড়কের কার্পেটিং উঠে বড়বড় গর্ত সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে সড়ক দিয়ে গ্রামবাসি চলাচলেসহ বিভিন্ন মালামাল এবং জরুরি রোগী বহনে মারাত্মক ভোগান্তিতে পড়েছে। সড়কটি বর্ষার আগেই পুন:নির্মাণ কিংবা সংস্কার করার দাবি গ্রামবাসির।
আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের কাশিমালা গ্রামে প্রায় ৩ হাজার মানুষের বসবাস। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও মৎস্য খামার রয়েছে। আদমদীঘি রেলওয়ে স্টেশন-কদমা সড়কের কাশিমালা বটতলী ব্রিজ থেকে কাশিমালা বিদ্যালয়. কমিউনিটি ক্লিনিক ও গ্রামে চলাচলের আধা কিলোমিটারের অধিক একমাত্র সড়কটি প্রায় ১০ বছর পূর্বে কার্পেটিং করা হয়।
গ্রামবাসি জানায়, কার্পেটিং কাজ করার পর থেকে সড়কটিতে কোন প্রকার মেরামত কিংবা সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ভেঙ্গে ও গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে এই জনগুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং উঠে ছোট বড় বিভিন্ন গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহনসহ জনসাধারণের চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে।
ফলে জনসাধারণের জরুরিভাবে রোগী বহন, কৃষকদের উৎপাদিত ফসল হাটবাজারে নেয়া. স্কুল কলেজে শিক্ষার্থীরা চলাচলে বিপাকে ও মারাত্মক ভোগান্তিতে পড়েছে। কাশিমালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, আমজাদ হোসেন, ইউপি সদস্য কোরবান আলীসহ অনেকেই জানায়, বর্ষার আগেই জরুরিভাবে সড়ক মেরামত ও সংস্কার না করা হলে সড়কে চলাচল প্রায় বন্ধ হবে। তাই প্রাশসনের সুদৃষ্টি প্রয়োজন বলে তারা দাবি করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174128