বগুড়া শাজাহানপুরে ভ্রম্যামাণ আদালতে ২ মাদক সেবীর কারাদন্ড
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মাদক প্রতিরোধে একাট্টা হয়েছেন বেতগাড়ি গ্রামের সর্বস্তরের মানুষ। গ্রামবাসির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ২ মাদক সেবীকে হাতে নাতে আটক করে শাজাহানপুর থানা পুলিশ।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। কারাদন্ডপ্রাপ্তরা হলো বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের বিলনোথার গ্রামের মৃত আবেদ আলী প্রামানিকের ছেলে আমিনুল ইসলাম মানিক (৪২) এবং শাজাহানপুর উপজেলার বেতগাড়ি গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আরেফিন (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার (২৭ জুন) বিকেলে সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটিতে ছিলেন কৈগাড়ি ফাঁড়ির এস.আই নিয়ামান নাসির। বিকাল ৪টার দিকে তিনি জানতে পারেন স্থানীয় লোকজন মাদক সেবনের প্রস্তুতিকালে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদকসেবীকে আটকে রেখেছে। তিনি ঘটনাস্থলে পৌঁছেন এবং মাদক সেবীদের আটক করেন।
পরবর্তীতে শাজাহানপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে আটককৃতরা অপরাধ স্বীকার করেন। এমতাবস্থায় উভয় কে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ‘উল্লেখ্য, সম্প্রতি বেতগাড়ি গ্রামে মাদক সেবী ও মাদক বিক্রেতাদের উপদ্রপ বেড়ে যাওয়ায় সন্তানদের ভবিষ্যত নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছেন স্থানীয়রা।
এমতাবস্থায় গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর মুসুল্লিদের উদ্দেশ্যে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ায় আহ্বান জানান বগুড়া মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ। এর একদিন পরেই আজ শনিবার (২৭ জুন) স্থানীয়রা ২ মাদক সেবীকে হাতে নাতে আটক করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174125