যুবককে হত্যার পর ৯৯৯-এ ফোন প্রতিবেশীর স্ত্রীর

যুবককে হত্যার পর ৯৯৯-এ ফোন প্রতিবেশীর স্ত্রীর
কুমিল্লার লালমাইয়ে মো. বাহার (৩২) নামে এক যুবককে ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর স্ত্রীর বিরুদ্ধে। হত্যার পর ওই নারীই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওই নারীকে আটক করে।
 
আজ শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাহার ওই এলাকার রশিদ মিয়ার ছেলে।
 
নিহত বাহার ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। ঘাতক ঝুমুর প্রতিবেশী রাসেল মিয়ার স্ত্রী। লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানায়, শনিবার সকালে বাহারকে বাড়ির পাশে নির্জন স্থানে ডেকে নেন ঝুমুর। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনা জানান ঝুমুর নিজেই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে ঝুমুরকে আটক করে থানায় আনা হয়।
 
ওসি নুরুজ্জামান বলেন, ওই নারীর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নারীকে আটক করে হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তবে কী কারণে বাহারকে হত্যা করা হয়েছে সেটির তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174123