নেত্রকোনার পূর্বধলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

নেত্রকোনার পূর্বধলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১৩ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ শনিবার (২৭ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তি উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের সজিত মিয়া (৩০)। তিনি মৃত বছির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজিত মিয়া মাদকাসক্ত। কয়েক মাস আগে সজিত তার নিজের গর্ভধারিনী মাকেও ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার মা তাকে ছেড়ে চলে যায়। প্রায় ছয় মাস আগে সজিতের স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তার তিন মেয়ে বাবার সঙ্গেই বসবাস করছিল। ভুক্তভোগী বড় মেয়ে; অপর দুই মেয়ের বয়স ১০ ও ৬ বছর।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সজিত মিয়া নিজ ঘরে তার ১৩ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ গিয়ে সজিতকে গ্রেফতার করে এবং ভুক্তভোগী শিশুকে পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। অভিযুক্ত সজিত মিয়াও জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি  স্বীকার করেছেন। 

পরিবারের অন্য কোনো সদস্য পাশে না থাকায় শনিবার ভুক্তভোগীর এক প্রতিবেশী চাচা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ মে একই উপজেলার আরেকটি ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরী তার ধর্ষণের শিকার হয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনা জানাজানি হলে পুলিশ অভিযুক্ত শফিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174115