ইব্রাহিম (আ.)-এর সমাধিস্থল মসজিদে আজান দিতে দিচ্ছে না ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের হেবরনের ইব্রাহিমি মসজিদে গত পাঁচদিন ধরে আজান দিতে দিচ্ছে না ইসরায়েল। এই মসজিদের পাশেই সমাহিত আছেন হযরত ইব্রাহিম (আ.)।
ফিলিস্তিনিদের এই মসজিদে যেতে বিভিন্ন বাধা দিয়ে থাকে দখলদার ইসরায়েলের পুলিশ ও সেনারা। আজান দিতে না দেওয়া ওই বাধারই অংশ।
এছাড়া আগামী ১২ দিনের জন্য মসজিদটির পরিচালক শেখ মুতাজ আবু সেনিনেহ এবং কাস্টাডিয়ানের প্রধান হাম্মাম আবু মুরখিয়াকে সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।
ফিলিস্তিনি একটি সূত্র গতকাল শুক্রবার সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে জানান, গত রোববার থেকে আজান দেওয়া থেকে মসজিদের মুয়াজ্জিনকে বিরত রাখা হয়েছে।
তবে ইসরায়েলি একটি সূত্র দাবি করেছে, মসজিদ প্রাঙ্গনে সংস্কার কাজ চলায় আজান বন্ধ রাখা হয়েছে। মসজিদটির খোলা অংশে ছাদ বানাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি সূত্র বলেছেন, মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে। কিন্তু আজানে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। যেখান থেকে আজান দেওয়া হয় ওই অংশটি ইসরায়েলের নিয়ন্ত্রণে। সেখানে এখন মুয়াজ্জিনকে প্রবেশই করতে দেওয়া হচ্ছে না।
১৯৯৪ সালে এক আমেরিকান-ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারী ইব্রাহিমি মসজিদে ঢুকে মুসলিমদের ওপর গুলি ছুড়ে গণহত্যা চালায়। তার গুলিত ২৯ জন নিহত হন। এরপর থেকে ইসরায়েল মসজিদটি দুটি ভাগে বিভক্ত করে ফেলে। এর ৬০ শতাংশ ইহুদি এবং বাকি ৪০ শতাংশ মুসলিমদের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এরপর থেকে ইসরায়েল তাদের নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে।
সূত্র: মিডেল ইস্ট আই
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174114