মিয়ানমারে পাচারের পথে ১৪৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২১
বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। পাচারকাজে জড়িত ২১ জনকে আটক করেছে।
আজ শনিবার (২৭ জুন) বিকেলে নৌবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোরেগোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ হতে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।
অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী 'এফবি ফাতেমা হোসনা' এবং 'এফবি নিঝু রাব্বি' নামক ২টি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়। আটককৃত বোট দুটিতে তল্লাশি করা হয়। এ সময় এফবি ফাতেমা হোসনা থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং 'এফবি নিঝু রাব্বি' থেকে ১১ জন পাচারকারীসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়।
অভিযানে সর্বমোট ২১ জন পাচারকারীকে আটক এবং ১ হাজার ৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি, জব্দকৃত বোট এবং সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙর সমুদ্র এলাকা থেকে মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্টসহ একটি বোট জব্দ করে কোস্ট গার্ড। শনিবার (২৭ জুন) সকালে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174108