বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে এক জনের মৃত্যু

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে এক জনের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকার পাহাড়ী জঙ্গল থেকে তার থেতলানো মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয়নাল আবেদীন উপজেলার মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে সোমনাথপাড়া এলাকায় পাহাড়ি অঞ্চলে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাতে তাকে না পেয়ে আজ শনিবার সকালে আবার খুঁজতে বের হন পরিবারের লোকজন ও স্বজনরা। এক পর্যায়ে জঙ্গলে তার থেতলানো মরদেহ দেখতে পান তারা।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাটাতার পেরিয়ে প্রায়ই বন্য হাতি বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। ধারণা করা যায়, গতকাল সন্ধ্যার পর কোনো এক সময় বন্য হাতির আক্রমণেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ফোর্স পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174062