ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, নিখোঁজ ৫০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর উত্তর উপকূলে নতুন করে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী কারাকাস ও মারাকে শহরের বাসিন্দারা এই নতুন কম্পনটি তীব্রভাবে অনুভব করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেলে এ ভূমিকম্প অনুভূত হয়।
এদিকে আগের পরপর দুটি ভূমিকম্পের আঘাতের ঘটনায় প্রায় ৫০ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। দেশটিরে সরকারি জরুরি ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় এক মিনিটেরও কম ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১৯০০ সালের পর ওই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী হিসেবে রেকর্ড করা হয়েছে এ দুর্যোগকে। জোড়া ভূমিকম্পে কারাকাস ও এর আশেপাশের বিস্তীর্ণ এলাকা ধূলিসাৎ হয়ে গেছে এবং মৃতের সংখ্যা এখন প্রায় এক হাজারের কাছাকাছি পৌঁছেছে।
সরকারি হিসাব অনুযায়ী, দুর্যোগে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৩৬০ জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও ১৭২ জন মানুষ জীবিত আটকে আছেন বলে সরকার অনুমান করছে।
তবে মার্কিন ভূত্বাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই বিপর্যয়ে নিহতের সংখ্যা শেষ পর্যন্ত ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এমনটি হলে এটি হবে গত শতাব্দীতে লাতিন আমেরিকার অন্যতম ভয়াবহ ও মারাত্মক ভূমিকম্প।
এদিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই দুর্যোগে তাদের দুই নাগরিক নিহত হয়েছেন এবং আরও ৮০ জন স্প্যানিশ নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।ভয়াবহ এই দুর্যোগের প্রায় দুই দিন পর আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও ত্রাণ সামগ্রী পৌঁছাতে শুরু করেছে। তবে দুর্গত এলাকায় উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির তীব্র সংকট থাকায় স্থানীয় মানুষ ও উদ্ধারকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এর মাঝে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত খুঁজে বের করতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন দেশবাসী ও বিদেশি উদ্ধারকর্মীরা।
কয়েক দশকের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে ভেনেজুয়েলার মৌলিক অবকাঠামো ও সেবা খাতগুলো এমনিতে আগে থেকে ভঙ্গুর অবস্থায় ছিল। চরম অর্থনৈতিক সংকটের কারণে এর আগে দেশ ছেড়েছেন লাখ লাখ মানুষ। এই দীর্ঘস্থায়ী সংকটের মাঝে জোড়া ভূমিকম্পের থাবায় নতুন করে গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
সূত্র: রয়টার্স, সিবিসি