পটুয়াখালীতে টোল প্লাজায় ৩৭ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ১

পটুয়াখালীতে টোল প্লাজায় ৩৭ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ১

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় চলাচলকারী একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা এক ব্যক্তির কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পটুয়াখালীর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173964