ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, ধ্বংসস্তূপে আটকে আরও প্রায় ২০০ জন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, ধ্বংসস্তূপে আটকে আরও প্রায় ২০০ জন

আন্তর্জাতিক ডেস্কভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বাড়ছেই প্রাণহানির সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫২০ জন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ২০০ মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটকে পড়াদের উদ্ধারে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ২৫০টি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত অথবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা মেদসঁ সঁ ফ্রোঁতিয়ের (এমএসএফ)-এর ভেনেজুয়েলা শাখার মেডিকেল কোঅর্ডিনেটর হালিমা হুসেইন জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরসহ দেশের বহু এলাকায় এখনও মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

তিনি বলেন, গৃহহীন মানুষদের আশ্রয় দিতে স্থানীয় পৌরসভাগুলো বিভিন্ন ক্রীড়া স্টেডিয়াম ও খেলার মাঠকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তরের কাজ করছে।

হালিমা হুসেইনের ভাষ্য, বহু মানুষ এখনও খোলা আকাশের নিচে পার্ক ও উন্মুক্ত স্থানে রাত কাটাচ্ছেন। ঘরবাড়ি ধ্বংস হওয়া কিংবা নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়ায় তারা এখনও নিজ বাড়িতে ফিরতে পারেননি। প্রয়োজনীয় সামান্য জিনিসপত্র সঙ্গে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দিন পার করছেন তারা।

এদিকে এই দুর্যোগে ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

তিনি বলেন, ভয়াবহ এই ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমি আশা করি, এই কঠিন দুর্যোগ কাটিয়ে ভেনেজুয়েলার মানুষ আবারও শক্তভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173946