রেকর্ড গড়েও ভারতের কাছে হার, কঠিন সমীকরণে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়েছিল ব্যাট হাতে। কিন্তু সেই রেকর্ডও এনে দিতে পারল না কাঙ্ক্ষিত জয়। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েও ভারতের বিপক্ষে ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। এই পরাজয়ে শেষ চারে ওঠার লড়াইও কঠিন হয়ে গেল নিগার সুলতানার দলের।
ওল্ড ট্রাফোর্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৮ রানেই বিদায় নেন ওপেনার দিলারা আক্তার। এরপর জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি ৪১ বলে ৫১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। জুয়াইরিয়া ৩১ বলে ৩৩ এবং সোবহানা ২৬ বলে ২২ রান করেন।
এরপর ইনিংসের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি ২৭ বলে ৩২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। শেষদিকে স্বর্ণা আক্তারের ১৩ ও রিতু মনির ৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে বাংলাদেশ। যা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে মাঝপথে শারমিন আক্তারের রিটায়ার্ড আউট হওয়ার ঘটনা ইনিংসের গতি কিছুটা কমিয়ে দেয়।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় সুযোগ পেয়েছিল বাংলাদেশ। প্রথম ওভারেই মারুফা আক্তারের বলে শেফালি বর্মার সহজ ক্যাচ ফেলে দেন অধিনায়ক নিগার। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩৪ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শেফালি, যা ভারতের জয়ের ভিত গড়ে দেয়।
পরে যষ্টিকা ভাটিয়ার ২৩ ও জেমিমা রদ্রিগেজের ২৬ রানের কার্যকর ইনিংসে ভর করে ১৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে ভারত।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিতু মনি। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নিলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।
চার ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় হার। ফলে সেমিফাইনালে ওঠার সমীকরণ এখন জটিল। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে আগামী ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বিকল্প নেই নিগার সুলতানার দলের।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173940