চীনা যুবকের টাকা-কাগজপত্র নিয়ে নিখোঁজ স্ত্রী
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোবাইলফোনে পরিচয়, আদালতের মাধ্যমে বিয়ে। অবশেষে এক মাস সংসার জীবনের অবসান ঘটিয়ে তার স্ত্রী চীনা ওই যুবকের টাকা ও ব্যক্তিগত কাগজপত্র নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এমন ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে।
জানা যায়, গত সোমবার বিকেলে মোর্শেদা বেগমের খোঁজে চীনা নাগরিক আন হংওয়েই তার শ্বশুরবাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে আসেন। তার স্ত্রী গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের মেয়ে। তবে সেখানে এসে দেখেন তার স্ত্রী মোর্শেদা বাড়িতে আসেননি। পরে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় তিনি গত বুধবার ফুলবাড়ী থানায় উপস্থিত হয়ে তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় অভিযোগ করেন। তবে ঘটনার স্থান ঢাকার সাভার হওয়ায় পুলিশ তাকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের পরামর্শ দেন।
জানা যায়, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর কালিয়াটারি গ্রামের মৃত মোফাজ্জলের মেয়ে ও এক সন্তানের জননী মোছা. মোর্শেদা বেগম গত বছর গার্মেন্টসে চাকরির জন্য যান। চাকরির সুবাদে ঢাকার সাভারে এক চীনা যুবক আনহংওয়েই’র(৩৯) সাথে অনলাইন এ্যাপ্সের মাধ্যমে পরিচয় হয় তার। পরিচয়ের একপর্যায়ে দুই পরিবারে বিয়ের জন্য আলাপ আলোচনা করেন তারা। পরে গত ৯ মে ঢাকার আদালতের মাধ্যমে বিয়ে করেন তারা।
চীনা যুবক আনহংওয়েই জানান, তিনি একজন চীনা মুসলমান নাগরিক। মোর্শেদার সাথে অনলাইন অ্যাপ্সের মাধ্যমে পরিচয়ের একপর্যায়ে তারা বিয়ে করেছেন। তবে এখন তাকে পাওয়া যাচ্ছে না। মোর্শেদার কাছে তার নিজস্ব ৪ হাজার মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র ছিল। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে। তাই অভিযোগকারীকে সাভার থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা সম্ভব হয়নি, তবে ইশারার মাধ্যমে অভিযোগের বিষয়টি তিনি জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173931