মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ৪

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ৪
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৪ জন। এসময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি বসতঘর।
 
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, সদর উপজেলার বাহেরান্দি গ্রামের বাবুল শেখ গ্রুপের সঙ্গে একই এলাকার বাচ্চু মোড়লের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শেখ ও মোড়ল বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে ৪টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। আহত হন অন্তত ৪ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শেখ ও মোড়ল বংশের লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173912