ফরিদপুরের সালথায় যুবকের হাত-পা কাটা মরদেহ উদ্ধার
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী মৌজার একটি সড়ক থেকে পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮) নামে এক যুবকের হাত-পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত পান্নু ফকির উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) দিবাগত রাতে সালথা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন পান্নু ফকির। পরে তাকে হত্যা করে মরদেহ যদুনন্দী মৌজার একটি সড়কের ওপর ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে স্থানীয়রা সড়কের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের দাবি, জমিজমা-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মরদেহে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পাশের একটি পাটক্ষেতে হত্যার পর মরদেহটি সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173894