রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পরিচয়পত্র পেশ করেছেন।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বঙ্গভবনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এই জানানো হয়।

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে গত এপ্রিলের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়।

তিনি গত ১২ জুন বাংলাদেশে আসেন।

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে হাইকমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বৈঠক করেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, তাঁর কর্মকাল বাংলাদেশ-ভারত পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ়, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে সহায়ক হবে।

রাষ্ট্রপতি এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার অংশগ্রহণের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

রাষ্ট্রপতি বলেন, নিকটতম প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়।

তিনি আরও বলেন, সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ ও মর্যাদা এবং জনগণের কল্যাণকে সমুন্নত রেখে ভারতের সঙ্গে সম্মানজনক ও ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, আমাদের দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান, আর এটাই স্বাভাবিক।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ সময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সীমান্ত সমস্যাসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ইতিবাচক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সীমান্ত সমস্যা সম্পর্কে হাইকমিশনার বলেন, সম্প্রতি বিএসএফ ও বিজিবির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও কর্মকর্তাদের মধ্যে স্থানীয় ও উচ্চপর্যায়ে এ ধরনের বৈঠক আরও নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করে সীমান্ত সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের রাষ্ট্রপতি ও নেতৃত্বের শুভেচ্ছা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি হাইকমিশনারের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা জানান। হাইকমিশনার বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনে রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি তাঁর সফল মেয়াদ কামনা করেন এবং দুই দেশের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ ও সুসংহত করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিববৃন্দ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173883