টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে মেক্সিকো
স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচে জয়। বিশ্বকাপের সহস্বাগতিক মেক্সিকো গ্রুপ পর্ব শেষ করল শতভাগ সাফল্যের সঙ্গে। বৃহস্পতিবার (২৫ জুন) ঐতিহাসিক অ্যাজতেকা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে এল ত্রি।
গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে মেক্সিকো তিনটি গোলই পেয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে মাতেও শাভেজ মেক্সিকোকে এগিয়ে দেন। ৬ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ইউলিয়ান কুইনোনেস। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চেক প্রজাতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকেন আলভারো ফিদালগো।
এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকাকে। শেষ গেম ডে’তে তারা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচটির আরেকটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল অভিজ্ঞ গোলরক্ষক গুইলের্মে অচোয়ার বিশ্বরেকর্ড। ২০০৬ সালে বিশ্বকাপ দিয়ে অভিষেক করা এই ৪০ বছর বয়সী গোলরক্ষক দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েন। এই কৃতিত্বে তিনি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী হলেন।
গ্রুপ পর্বে মেক্সিকোর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তারা তিনটি ম্যাচই জিতেছে, ছয়টি গোল করেছে এবং কোনো গোল হজম করেনি। এখন শেষ ৩২-এর পর্বে মেক্সিকোর প্রতিপক্ষ হবে গ্রুপ ‘সি’, ‘ই’, ‘এফ’, ‘এইচ’ বা ‘আই’-এর তৃতীয় স্থান অধিকারী কোনো দল। ম্যাচটি আগামী ৩০ জুন মেক্সিকো সিটির অ্যাজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173863