নওগাঁর সাপাহার সীমান্তে পুশইনের শিকার ৯জনকে ফেরত নিলো বিএসএফ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : অবশেষে নওগাঁর সাপাহারে পাতাড়ী, আদাতলা সীমান্তে পুশইনের শিকার ৯ ব্যক্তিদের ফেরত নিয়েছে বিএসএফ।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৪ জুন রাতের অন্ধকারে ভারতের ২৯ ব্যাটালিয়ন (বিএসএফ) এলোনপুর ক্যাম্পের সদস্যরা ৩ পুরুষ, ৩ নারী ও ৩ শিশুসহ মোট ৯ জনকে নওগাঁ ১৬বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪ পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। তাৎক্ষণিক আদাতলা বিজিবি’র সদস্যদের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় তাদের এ্ই প্রচেষ্টাকে ব্যর্থ করতে সক্ষম হয় এবং ওই এলাকায় শক্ত অবস্থান নেয়। সেসময় পুশইনের শিকার ব্যক্তিরা ভারতীয় সীমান্ত রেখার শূন্য লাইন থেকে ১০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। বর্তমানে ২৫ জুন ভারতের অভ্যন্তরে ১৫০ গজের মধ্যে উক্ত ব্যক্তিদের অবস্থান ও চলাচল পরিলক্ষিত না হওয়ায় বিজিবি’র ধারণা রাতের যে কোন সময় বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।
১৬বিজিবি (নওগাঁ) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, বর্তমানে উক্ত স্থানসহ নওগাঁর সকল সীমান্তবর্তী এলাকায় বিজিবির পক্ষ থেকে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173855