দিনাজপুরের বিরলে প্রতিপক্ষের মারপিটে বাবা নিহত, আহত ছেলে
বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে প্রতিপক্ষের মারপিটে বাবা নিহত এবং ছেলে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে। নিহত ব্যক্তি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধূলাতৈড় (ডাঙ্গাপাড়া) গ্রামের খলিল উদ্দীনের ছেলে মো. বাবু (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধূলাতৈড় (ডাঙ্গাপাড়া) গ্রামের মো. বাবুর ছেলে রিফাত হোসেনকে (১৫) প্রতিবেশি মমতাজ আলীর স্ত্রী সখিনা বেগম দোকানের সামনে মসজিদের দান বাক্সে বসে গেম খেলাতে নিষেধ করে। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত এলাকাবাসী তা থামিয়ে দেলে উভয়পক্ষই নিজ নিজ বাড়িতে ফিরে যায়।
এরপর সখিনার স্বামী মমতাজ আলী ও তার দুই ছেলে শাহিনুর রহমান ও শাখাওয়াত হোসেন এবং পরিবারের লোকজনসহ একই এলাকার বেশ কয়েকজন বাবুকে তার বাড়িতে গিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় বাবুর স্ত্রী ও ছেলে এগিয়ে এলে তাদেরকেও এলোপাথাড়ি মারপিট করা হয়। পরে প্রতিবেশিরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় বাবু ও তার ছেলে রিফাতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত এর অবস্থা আশংকাজনক হওয়ায় সে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় রাতেই থানা পুলিশ প্রতিবেশি আইনুলের স্ত্রী মঞ্জুয়ারা (৩৪) কে আটক করেছে।
বিরল থানার অফিসার ইনচার্জ মো. আল এমরান জানান, দুপক্ষের দ্বন্দ্বে গুরুতর আহত হয়ে বাবু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং এ ঘটনায় একজন নারীকে আটক করা হয়েছে। দ্রুত ঘটনার সাথে জড়িত মূল ব্যক্তিদের আটক করা হবে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের নিকট হস্তান্তর করে।
বুধবার সন্ধ্যা ৬টায় নিহত বাবুর জানাযা শেষে স্থানীয় তালপুকুরিয়া কবরস্থানে দাফন করা হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173852