আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস কাউকেই ভয় পান না মরক্কোর কোচ

আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস কাউকেই ভয় পান না মরক্কোর কোচ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ব্রাজিলকে রুখে দিয়ে আলোচনায় উঠে আসা মরক্কো এবার নকআউট পর্বের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছে। দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ যেই হোক না কেন, তার দল কাউকেই ভয় পায় না।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পাশাপাশি দারুণ নৈপুণ্য দেখিয়ে ফুটবল বিশ্বে প্রশংসা কুড়িয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতিকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে শেষ ষোলো নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

বুধবার আটলান্টায় অনুষ্ঠিতব্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, ব্রাজিলের বিপক্ষে পাওয়া ফলাফল অবশ্যই দলের জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। তবে এখনই নকআউট নিয়ে অতিরিক্ত ভাবতে চান না তিনি।

তার ভাষায়, “ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমরা এখন খুব বেশি দূরের কথা ভাবছি না। আমাদের পুরো মনোযোগ হাইতির বিপক্ষে ম্যাচে।”

নকআউটে মরক্কোর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসের নাম আলোচনায় থাকলেও বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নন ওয়াহবি।

তিনি বলেন, “অনেকে নেদারল্যান্ডসের কথা বলছেন, কিন্তু জাপানও তো আছে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস, জাপান, ফ্রান্স, পর্তুগাল কিংবা আর্জেন্টিনা—যেই হোক না কেন, আমরা প্রস্তুত। আমরা ইতোমধ্যেই দেখিয়েছি এই টুর্নামেন্টে অনেক কিছু করার সামর্থ্য আমাদের আছে।”

দলের প্রথম পছন্দের গোলরক্ষক ইয়াসিন বুনোর চোট নিয়েও আশ্বস্ত করেছেন মরক্কোর কোচ। একই সঙ্গে হাইতির বিপক্ষে একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

ওয়াহবি বলেন, “আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু কাজ এখনো শেষ হয়নি। পরের ম্যাচটিও আমাদের জিততে হবে। স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ের ওপরই আমার পূর্ণ আস্থা রয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই—জয়। তাই সম্ভাব্য সেরা একাদশই মাঠে নামানো হবে। কিছু সিদ্ধান্ত নিতে হবে, তবে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে যেতে চাই।”

দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। গোল ব্যবধানে ব্রাজিলের সমান অবস্থানে থাকা আফ্রিকার দলটি শেষ ম্যাচে বড় জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173832