বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আহ্বান, সুইডিশ প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
বাংলাদেশ ও সুইডেনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন উভয় দেশের প্রতিনিধিরা। এ লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকা বিভাগের পরিচালক ও প্রধান ড্যানিয়েল উলভেন।
বৈঠকের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শামা ওবায়েদকে অভিনন্দন জানান ড্যানিয়েল উলভেন। একই সঙ্গে বাংলাদেশ-সুইডেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং নারী ক্ষমতায়নে সুইডেনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ, বিশেষ করে নারী উন্নয়ন এবং সৃজনশীল অর্থনীতি বিকাশে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সুইডিশ প্রতিনিধিকে অবহিত করেন।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শান্তি ও নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুইডিশ উদ্যোক্তাদের বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ শিল্প এবং প্রকৌশল খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।
তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সুইডেনের অব্যাহত সহযোগিতাও কামনা করেন।
বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতা জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173831