ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত
রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীর ওপর নেতাকর্মীদের হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বহিষ্কৃত নেতারা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
বুধবার (২৪ জুন) রাতে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে সংঘটিত ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে আজ বুধবার (২৪ জুন) চারজনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতিও প্রদান করা হয়
এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিক চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের আলোকে আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173829