বগুড়ায় ভাড়াটিয়াকে হেনস্তা ও চাঁদা দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

বগুড়ায় ভাড়াটিয়াকে হেনস্তা ও চাঁদা দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের জামিলনগর এলাকার ‘জানে সাবা হাউজিং’-এ একটি ভাড়াটিয়া পরিবারকে নির্যাতন, মালামাল আটকে রেখে লাখ টাকা চাঁদা দাবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী আতিয়া বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ বুধবার (২৪ জুন) বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা মো. ইব্রাহীমের স্ত্রী মোছা. চুমকি আক্তার এই সংবাদ সম্মেলন করেন। চাঁদা দাবির ঘটনায় ইতিমধ্যে বগুড়া সদর আমলি আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে।

বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চুমকি আক্তার অভিযোগ করেন, গত ২০ জুন বাসা ছেড়ে দেওয়ার সময় তারা চরম হেনস্তার শিকার হন। তিন মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার পর থেকেই বাড়ির মালিক জাহাঙ্গীর আলম কোনো কারণ ছাড়াই লিফট ও পানির লাইন বন্ধ রাখতেন এবং নানাভাবে তাদের মানসিক নির্যাতন করতেন।

তিনি আরও বলেন, বাড়িওয়ালার আচরণে অতিষ্ঠ হয়ে তারা বাসা ছাড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বাসা ছাড়ার সময় জাহাঙ্গীর আলম মারমুখী হয়ে তাদের ধাক্কাধাক্কি করেন, ঘরের মালামাল নিতে বাধা দেন এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এই ঘটনায় নিরুপায় হয়ে চুমকি আক্তার আদালতে মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, মামলা দায়েরের পর থেকে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর মাস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এর ফলে চুমকি আক্তার ও তার স্বামীর মান-সম্মান ক্ষুন্ন হচ্ছে। ভুক্তভোগী পরিবারটি এই ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173810