ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর ও রুহিয়া থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আজ বুধবার (২৪ জুন) ঠাকুরগাঁও পৌরসভার পূর্ব গোয়ালপাড়া (তেলিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে কাওসার আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয় এসময় তার কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
এর আগে একই দিন শহরের ফকিরপাড়া ব্রিজ এলাকায় আরেকটি অভিযান চালিয়ে সদর থানা পুলিশ অভিযানে আলমগীর হোসেন(২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
অন্যদিকে, আজ বুধবার (২৪ জুন) সকালে রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অভিযানে সুজন আলী জুয়েল(২৩) নামে এক যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়। ডিএনসির কর্মকর্তারা জানান, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৫শ’ টাকা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173794